
নিউজ ডেস্কঃ ফেনীতে সোহেল নামে দুবাই প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্ত্রী শিউলী আক্তার আদালতে স্বামী খুনের দায় স্বীকার করেছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পালের আদালতে শিউলি আক্তার এ স্বীকারোক্তি দিয়েছেন। র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ আল জাবের ইমরান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিউলী তার স্বামীকে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদে শিউলী বলেন, সোহেলের পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক কলহ লেগেই ছিল।
এর আগে বিকালে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি রোকেয়া আক্তার শিউলীকে হাজির করা হয়। একই সাথে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম আসামি শিউলীর জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতের কাছে আবেদন করেন। পরে আদালতের বিচারক ধ্রুব জ্যোতি পাল বিকাল ৪টা থেকে টানা প্রায় ৭ ঘণ্টা এ হত্যা মামলার একমাত্র আসামি ও নিহতের স্ত্রী শিউলীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে রাত সাড়ে ১১টার দিকে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার (২২ আগস্ট) দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি রোকেয়া আক্তার শিউলীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক আবদুল্লাহ খান শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।