
নিউজ ডেস্কঃ ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। আর ফি পরিশোধ করা যাবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। বুধবার (২৫ আগস্ট) ঢাকা শিক্ষাবোর্ড থেকে এসব তথ্য জানিয়ে নোটিশ জারি করা হয়েছে। আগের সময়সূচি অনযায়ী আজ বুধবার ছিল ফরম পূরণের শেষ দিন।নোটিশে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময় ৩১ আগস্ট পর্যন্ত ও শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ৪ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। কোনো কলেজ এ সময়ে শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও জানিয়েছে ঢাকা বোর্ড। গত ১২ আগস্ট থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। ২৫ আগস্ট পর্যন্ত এসব পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হলেও সে সময় আবারও বাড়ানো হলো। বোর্ড থেকে জারি করা নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসেই অনলাইনে পরীক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে কলেজগুলোকে। আর সোনালী ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ফরম পূরণের ফি জমা দিতে হবে শিক্ষার্থীদের।