
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ সাতজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। শুক্রবার (২৭ আগস্ট) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল পৌনে ৪টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রওশনারা (৭০) মারা যান। এর আগে গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) মধ্য রাতে শফিকুল ইসলাম (৩৫), গ্যাস লাইনের মিস্ত্রি সুমন (৪০) আইসিইউতে মারা যন ও রাত সাড়ে ১০টার দিকে মারা গেছেন শফিকুলের মা রিনা বেগম (৫০)।
গত বুধবার (২৫ আগস্ট) রাত ১২টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের একটি বাসার নিচতলায় গ্যাস লাইনের গোলযোগ থেকে অগ্নিকাণ্ডে শিশুসহ সাতজন দগ্ধ হন। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন চিকিৎসাধীন আছেন। তারা হলেন- রেনু বেগম (৩৫), পাশের ভবনের ভাড়াটিয়া নাজনীন আক্তার (২৫) ও তার মেয়ে নাওশীন তারান্নুম (৫)। পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন জানান, গত কয়েকদিন ওই বাড়িতে গ্যাস ছিল না। রাতে লাইনে হঠাৎ গ্যাসের চাপ বেড়ে যায়। এ সময় বাড়ির মালিকসহ কয়েকজন মিলে গ্যাস রাইজার পরিষ্কার করছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে সাতজন দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।