
নিউজ ডেস্কঃ র্দীঘ ৪ মাস ২৫ দিন পরে সরকারি নির্দেশনায় খুলে দেওয়া হয়েছে জাতীয় চিড়িয়াখানা। করোনা দ্বিতীয় ঢেউয়ের কারণে বন্ধ ছিল চিড়িয়াখানা। শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিড়িয়াখানায় বাড়ছে দর্শনার্থীদের ভিড়। শুক্রবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ঘুরে এমন দৃশ্য দেখা যায়।এ দিন মোহাম্মদপুর থেকে জাতীয় চিড়িয়াখানা এসেছেন দিল রাইসা। স্বামী ও দেড় বছরের শিশু দিশাদকে সঙ্গে নিয়ে। রাইসা বলেন, লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সব ধরনের বিনোদন কেন্দ্র। অনেক দিন ঘরবন্দি ছিলাম। বহুদিন পরে আজ (শুক্রবার) বাসা থেকে বের হলাম স্বামী, সন্তানকে নিয়ে। তাই ঘুরতে চলে এলাম চিড়িয়াখানা।
রাজবাড়ী থেকে ৩০ জন এসেছে চিড়িয়াখানায় ঘুরতে। মো. হারুন বাংলানিউজকে বলেন, রাজবাড়ী থেকে আমরা একটি সমিতির হয়ে ৩০ জন চিড়িয়াখানায় ঘুরতে এসেছি। অনেকদিন কোথাও একসঙ্গে ঘুরতে যেতে পারিনি। চিড়িয়াখানায় ঘুরতে ভালোই লাগছে। জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ বলেন, ৪ মাস ২৫ দিন পরে সরকারি নির্দেশনায় খুলে দেওয়া হয়েছে জাতীয় চিড়িয়াখানা। রোববার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকবে। মুজিবশতবর্ষ উপলক্ষে প্রতিমাসের প্রথম রোববারও চিড়িয়াখানা খোলা থাকবে।