
নিউজ ডেস্কঃ প্রতারণা করে গ্রাহকের ১১শ’ কোটি টাকা আত্মসাতের মামলায় ই-অরেঞ্জের সাবেক চিফ অপারেটিং অফিসার (সিওও) নাজমুল আলম রাসেলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিক রিমান্ডের এ আদেশ দেন।এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে তাকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। প্রথমে তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
এদিন রাসেলের পক্ষে আইনজীবী শান্তনু ধর রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শান্তনু ধর বলেন, নাজমুল আলম রাসেল নিজেই একজন ভিকটিম। চার মাস আগে তিনি চাকরি ছেড়ে দেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন আমান উল্লাহ। তারপরও তার বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে সেই মামলায় তার বিষয়ে কোনো অগ্রগতি নেই। তিনি আরও বলেন, তিনি তো চাকরি ছেড়েই দিয়েছেন। তার বিরুদ্ধে কেনো মামলা হবে? তাকে কেনো রিমান্ডে নিতে হবে? রাসেল এ ঘটনার সঙ্গে জড়িত নন। তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করছি।