
নিউজ ডেস্কঃ কক্সবাজার বিমানবন্দর বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় রিফুয়েলিং হাব হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে সারা বিশ্বের যোগাযোগের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চান বলেও জানান তিনি। রোববার (২৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজের উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। কক্সবাজার বিমানবন্দর বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় রিফুয়েলিং হাব হিসেবে গড়ে উঠবে আশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই এয়ারপোর্ট সম্প্রসারণ হলে আমি মনে করি, পাশ্চাত্য থেকে প্রাচ্যে বা প্রাচ্য থেকে পাশ্চাত্যে যত প্লেন যাবে তাদের রিফুয়েলিংয়ের জন্য সবচেয়ে সুবিধাজনক জায়গা হবে বাংলাদেশের সমুদ্র উপকুলের এই দৃষ্টিনন্দন বিমানবন্দর ।
প্রধানমন্ত্রী বলেন একেক সময় পৃথিবীর একেকটি জায়গা উঠে আসে। এক সময় হংকং তারপর সিঙ্গাপুর, ব্যাংকক আর এখন দুবাই। কিন্তু আমি বলতে পারি যে, ভবিষ্যতে আমাদের কক্সবাজারই হবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কেননা খুব স্বল্প সময়ে এখানে বিমান এসে নামতে, রিফুয়েলিং করতে এবং যেতে পারবে। ভৌগলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সার্বিকভাবে বাংলাদেশের ভৌগলিক অবস্থানটাকে সামনে রেখে সারাবিশ্বের সঙ্গে যোগাযোগের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই আমাদের দেশটাকে। যাতে উন্নয়নের পাশাপাশি আর্থিকভাবেও আমাদের দেশ অনেক বেশি লাভবান হবে।