
নিউজ ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরো বৃদ্ধি করতে আগ্রহী ভারত। দুই দেশের মধ্যে ১৬ বিলিয়ন ডলারের (সাড়ে ১৩ লাখ কোটি টাকা) বাণিজ্য সম্ভাবনা রয়েছে। খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি, মৎস ও হালকা প্রকৌশলীখাতে বিনিয়োগের সম্ভবনা রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে বাংলাদেশের ইজ অব ডুয়িং বিজনেস, উন্নত কানেক্টিভিটি, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, নীতিগত সহায়তা ও ব্যবসা বাণিজ্যের ব্যয় আরো কমিয়ে আনার পরামর্শ দিয়েছে দেশটি। রোববার (২৯ আগস্ট) ভারতীয় হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারটি ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আয়োজন করা হয়। সেখানে জাতীয় পর্যায়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বাণিজ্য ও অর্থনৈতিক রিপোর্টাররা অংশগ্রহণ করেন। সেমিনারে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। একটি ঋণ সংক্রান্ত, একটি যোগাযোগ এবং অপরটি দ্বিপাক্ষিক বাণিজ্যের ওপর।
সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ ভারতের শীর্ষ বাণিজ্য ও উন্নয়ন অংশীদার। বাংলাদেশে ভারতের ৩৫৫টি কোম্পানির ৩৫৫ কোটি ডলারের বিনিয়োগ রয়েছে। কিন্তু এতে ভারত সন্তুষ্ট নয়। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে চায় ভারত। অবকাঠামো ও যোগাযোগে উন্নতি হচ্ছে। কিছু চ্যালেঞ্জ থাকলেও আগামীতে বিনিয়োগ ও বাণিজ্য বাড়বে। কমপ্রিহেনসিভ ইকোনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) নিয়ে আলোচনা হচ্ছে দুই দেশের মধ্যে। এই চুক্তি হলে তা ব্যবসা-বিনিয়োগে বৈপ্লবিক পরিবর্তন আনবে। তারা বলেন, ভারতে বাংলাদেশের রপ্তানি বাড়ছে। বাংলাদেশকে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি সুবিধা দেওয়া হয়েছে। এ সুবিধা ভোগ করার ক্ষেত্রে কোনো বাধা নেই। ফলে বাণিজ্য ঘাটতি কমে আসছে। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ ভারতের বাজারে ১২৮ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারতে বাংলাদেশের রপ্তানি বেশি। এছাড়া ট্রানজিটের আওতায় বাংলাদেশের রাস্তার আরও উন্নতি হয়েছে।