
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ২২ বার হত্যার চেষ্টা করা হয়েছে। কারা হত্যার এই ষড়যন্ত্র করেন। ২০০৪ সালের ২১ আগস্ট হামলা চালাতে তারেক রহমান, মন্ত্রী লুৎফুর রহমান বাবর, শিক্ষা-উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, মন্ত্রী আলী আহসান মুজাহিদ হাওয়া ভবনে বসে ১৪ আগস্ট এই নির্দেশ দিয়েছিল। এটি আমার কথা নয়, এই ঘটনার যারা গ্রেফতার হয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের স্বীকারাক্তি মোতাবেক এটি আজ জাতির কাছে স্পষ্ট হয়েছে। আজ সোমবার (৩০ আগস্ট) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জাতীয় শোক দিবসের আলোচনায় এ কথা বলেন।
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বঙ্গবন্ধু খুনিদের বৈধতা দিতে সেদিন নেপথ্যের নায়ক সেনাপ্রধান জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার না করে ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করেছিল। তথ্য প্রযুক্তির কারণে অনেক তথ্য আমাদের সামনে চলে আসছে। বঙ্গবন্ধু খুনিরা ১৯৭৫ সালের ২০ মার্চ জিয়া রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনার কথা জানিয়েছিল ষড়যন্ত্রকারীরা। সে সময় জিয়া বলেছিলেন ‘গো অ্যাহেড’। তিনি আরও বলেন, স্বাধীন বাংলার বয়স ৫০ বছর হয়েছে। এমন মুহুর্তে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সারা পৃথিবীতে উদযাপন হচ্ছে। একই সঙ্গে জাতির পিতার জন্ম শতবার্ষিকীও উদযাপিত হচ্ছে। কারণ বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধু অভিন্ন সত্ত্বা। বঙ্গবন্ধু কন্যা ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে আসলে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে পিতা ও মাতার জন্য কোনো মিলাদ পড়তে দেওয়া হয়নি। সে বন্ধুবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে জনগণের ভোটে তিন বারের প্রধানমন্ত্রী হয়েছেন।