News71.com
 Bangladesh
 01 Sep 21, 12:15 AM
 433           
 0
 01 Sep 21, 12:15 AM

ক্যাপ্টেন নওশাদের মরদেহ আনতে বিশেষ ফ্লাইট॥  

ক্যাপ্টেন নওশাদের মরদেহ আনতে বিশেষ ফ্লাইট॥   

নিউজ ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের মরদেহ ভারতের মহারাষ্ট্রের নাগপুরের কিংসওয়ে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার মরদেহ আনতে বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট যাবে নাগপুরে। সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন দায়িত্বশীল কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে ফ্লাইট চলাচল স্থগিত রয়েছে (৩ সেপ্টেম্বর থেকে চালু হবে)। এ কারণে ক্যাপ্টেনের মরদেহ আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করতে হবে। ক্যাপ্টেন নওশাদের মৃত্যুর পর হাসপাতালের ডেথ সার্টিফিকেটের অপেক্ষায় ছিল বিমান। সেই সার্টিফিকেটের কপি ঢাকায় আসার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছে বিমান।

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। সোমবার মধ্যরাত অথবা মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে আনা হতে পারে মরদেহ। বিমানবন্দরে তাকে সম্মাননা জানাবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সচিব মো. মোকাম্মেল হোসেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম- জনসংযোগ) তাহেরা খন্দকার সংবাদমাধ্যমকে জানান, আগামীকাল মঙ্গলবার বাদ জোহর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব মসজিদে ক্যাপ্টেন নওশাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও বিমানের পক্ষ থেকে তার মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় সকল কার্যক্রম চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন