
নিউজ ডেস্কঃ ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশের সত্যিকারের বন্ধু ছিলেন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জন্য প্রণব দাদার বুকে ছিল গভীর ভালোবাসা। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে তার যে অবদান, আমরা তা কোনোদিন ভুলবো না। ভারতের সাবেক রাষ্ট্রপ্রধানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৩১ আগস্ট) প্রণব মুখার্জি লিগ্যাসি ফাউন্ডেশনের (পিএমএলএফ) আয়োজিত স্মারক বক্তব্য অনুষ্ঠানে প্রচারিত ভিডিও বার্তায় এ কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা ছাড়াও এ অনুষ্ঠানে ভারতের উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ধারণ করা ভিডিও বক্তব্য প্রচার করা হয়। প্রণব মুখার্জির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রণব দাদাকে ছাড়া একটি বছর অতিবাহিত করা কঠিন ছিল। তিনি ছিলেন বাংলাদেশের একজন সত্যিকারের বন্ধু, ভারতীয় উপমহাদেশের একজন মহান রাজনৈতিক ব্যক্তিত্ব। মৃত্যুবার্ষিকীতে এ মহান ব্যক্তিত্বের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, যে সমর্থন বরাবর তিনি দিয়ে গেছেন, এ দেশের মানুষ তা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও প্রণব মুখোপাধ্যায়ের গভীর শ্রদ্ধাবোধ ছিল।