
নিউজ ডেস্কঃ করোনাকালে অর্থনৈতিক সংকট মোকাবিলায় শক্তিশালী ভূমিকা রাখায় দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) বিশেষ সম্মাননা পেল বাংলাদেশ। উজবেকিস্তানের তাসখন্দে বার্ষিক সম্মেলন শুরুর আগে জমকালো অনুষ্ঠানে তুলে দেওয়া হয় সম্মাননা। আর এ আয়োজন থেকেই কোভিড পরবর্তী যুগের সূচনা দেখছে উজবেক সরকার। যদিও দেশে দেশে বিপর্যস্ত অর্থনীতির পুনর্গঠনে সামনে বহু চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে সতর্কবার্তা দিচ্ছে আইটিএফসি।
আলো ঝলমলে মঞ্চে বাংলাদেশ নামটি উচ্চারণের সঙ্গেই অনেকটা শিহরণ বয়ে গেল রুশ আর উজবেক ভাষাভাষীদের ভিড়ে বসে থাকা জনাকয়েক বাংলাদেশির মনে। ব্যাকগ্রাউন্ডে তখন শোভা পাচ্ছে সার্কভুক্ত আট দেশের মধ্যে একমাত্র লাল সবুজের পতাকা। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপ মনে করছে, করোনা সংকটেও প্রবৃদ্ধির ইতিবাচক ধারা ধরে রাখার সঙ্গে কোনো বড় প্রকল্পের কাজ বন্ধ না করাই প্রমাণ করে ঠিক পথেই আছে বাংলাদেশ। আর সম্মাননা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এখন সময় সবাইকে নিয়ে সুষম উন্নয়ন পরিকল্পনার। আইটিএফসি তেল আমদানি, ব্যাংক সেক্টর, বাণিজ্যে বিনিয়োগসহ অনেকক্ষেত্রে বাংলাদেশে অসামান্য অবদান রেখেছে।