News71.com
 Bangladesh
 04 Sep 21, 11:39 PM
 197           
 0
 04 Sep 21, 11:39 PM

বাংলাদেশের প্রেস কাউন্সিল আইন সংশোধন হচ্ছে॥ তথ্যমন্ত্রী

বাংলাদেশের প্রেস কাউন্সিল আইন সংশোধন হচ্ছে॥ তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন বর্তমান যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা প্রেস কাউন্সিল আইন পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। সেটি ইতোমধ্যে মন্ত্রিসভায় গেছে। নতুন আইন মন্ত্রিসভার মাধ্যমে সংসদে পাস হবে। তবে এ আইনটি ১৯৭৪ সালের সংশোধিত আইন হিসেবে থাকবে। কারণ বঙ্গবন্ধুর করা আইন বাদ দিয়ে নতুন আইন করার প্রয়োজন নেই। এটি সংশোধন করা হবে। শনিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় তথ্য ভবন অডিটরিয়ামে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ শীর্ষক সেমিনার ও বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক প্রদান-২০২১ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, নতুন আইনে প্রেস কাউন্সিলের ক্ষমতা বাড়বে। বর্তমানে যে ক্ষমতা রয়েছে তা অনেক নগন্য। নতুন আইনে শাস্তি ও জরিমানার বিধান বাড়বে। তিনি বলেন, একটি সুস্থ সমাজের বিকাশের জন্য সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সংবাদ মানুষকে পথ দেখাতে পারে আবার একটি সংবাদ সমাজে অস্থিরতা তৈরি করতে পারে। তাই আমি মনে করি সাংবাদিকদের অনেক ক্ষমতা। তাই তাদের ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে যত্নবান হতে হবে। যখন একজন সাংবাদিক বিচার বিশ্লেষণ ও যত্নবান না হয়ে ক্ষমতা ব্যবহার করে তখনই বিপত্তি ঘটে। বঙ্গবন্ধু বাংলাদেশ রচনা করে গেছে শুধুমাত্র তা নয়। তিনি অত্যন্ত দূরদর্শী রাষ্ট্রনায়ক ছিলেন। একারণেই একটি রাষ্ট্রের বিকাশের জন্য, সমাজের বিকাশের জন্য, বহুমাত্রিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য জ্ঞান, ন্যায়ের সমাজ ব্যবস্থা করার জন্য গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের মধ্যে যাতে শৃঙ্খলা, নৈতিকতা নীতিবোধের চর্চা হয় সেজন্য প্রেস কাউন্সিল গঠিত হয়েছে। যাতে করে একজন পাঠক এর মাধ্যমে প্রতিকার পায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন