News71.com
 Bangladesh
 10 Sep 21, 09:58 PM
 492           
 0
 10 Sep 21, 09:58 PM

ভারতে উৎপাদন বাড়লেই আবারও বাংলাদেশ করোনা টিকা পাবে॥ তথ্যমন্ত্রী

ভারতে উৎপাদন বাড়লেই আবারও বাংলাদেশ করোনা টিকা পাবে॥ তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ ভারতে টিকা উৎপাদন জোরদার হলে তারা বাংলাদেশে চুক্তির টিকা সরবরাহে সক্ষম হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ৷ নয়াদিল্লিতে প্রেসক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, পররাষ্ট্র সচিব, সাংবাদিক, গবেষকদের সঙ্গে বৈঠকসহ ৬-৭ সেপ্টেম্বরের ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ বলেও তিনি জানান ৷ শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, প্রেসক্লাব অব ইন্ডিয়াতে বঙ্গবন্ধু মিডিয়া কর্নার স্থাপন দু'দেশের সম্পর্কে একটি মাইলফলক। বঙ্গবন্ধুর একটি পূর্ণাঙ্গ প্রতিকৃতিও সেখানে স্থাপিত হয়েছে।

এস জয়শংকরের সঙ্গে করোনা পরিস্থিতি ও টিকা ব্যবস্থাপনা নিয়ে আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, 'ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিদেশি কাঁচামালের অপ্রতুলতার কারণে টিকা উৎপাদন ব্যাহত হবার কথা জানান। যা বছরের শেষচতুর্ভাগ অর্থাৎ অক্টোবর-ডিসেম্বরে তারা কাটিয়ে উঠবে। আশা করি, ভারতে টিকা উৎপাদন জোরদার হলে তারা বাংলাদেশে চুক্তির টিকা সরবরাহে সক্ষম হবে।' এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ নিয়েও পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সঙ্গে আলোচনার কথা জানান তথ্যমন্ত্রী। অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে ড. হাছান বলেন, 'বঙ্গবন্ধুর বায়োপিকের অগ্রগতি, আমাদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণ চুক্তি অনুযায়ী কাজ শুরু এবং ভারত-বাংলাদেশ মৈত্রীর ৫০ বছর ২০২১ সাল যৌথ উদযাপনের বিষয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে পয়লা অক্টোবর থেকে বিদেশি টিভির ক্লিন ফিড নিয়ে আইন কড়াকড়িভাবে প্রয়োগের বিষয়টিও ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে জানিয়েছি।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন