
নিউজ ডেস্কঃ সারাদেশে চলমান সড়ক এবং সেতুর কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷ রোববার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা জোনের অধীনে নয়টি সেতু উদ্বোধন ও মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন।করোনাকালের ধীরগতি এখন পুষিয়ে দিতে হবে উল্লেখ করে কাদের বলেন, আগামী বছর পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ও বিআরটি প্রকল্প উদ্বোধন করা হবে। সারাদেশে প্রায় ৭২টি সেতু নির্মাণাধীন রয়েছে৷ এসব কাজ সম্পূর্ণ হলে যোগাযোগ খাতে বৈপ্লবিক পরিবর্তন হবে। যাত্রাবাড়ী সুলতানা কামাল সড়কের ভোগান্তির কথা স্মরণ করে মন্ত্রী বলেন, এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে। বনশ্রী-আমুলিয়া-ডেমরা সড়কটি পিপিপি ভিত্তিতে চার লেনে উন্নতিকরণ করতে হবে ৷ জমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ আরও দ্রুত এগিয়ে নিতে হবে। তিনি এ সময় সড়ক নিরাপত্তা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বিশ্বব্যাংক সড়ক নিরাপত্তায় অর্থায়ন করবে বলে বারবার আগ্রহ প্রকাশ করেও সময়ক্ষেপণ করছে। তারা যদি আবারও বিলম্ব করে তাহলে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে সড়ক নিরাপত্তা প্রকল্পটি বাস্তবায়ন করবে।