News71.com
 Bangladesh
 12 Sep 21, 11:30 PM
 295           
 0
 12 Sep 21, 11:30 PM

বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় সার্বিয়া॥

বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় সার্বিয়া॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ সার্বিয়া। দেশটির শ্রমমন্ত্রী ডা. দারিজা কিসিচ তেপাভেভিচ সার্বিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসানের সঙ্গে এক বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন। শনিবার (১১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সার্বিয়ার শ্রম, কর্মসংস্থান, প্রবীণ এবং সামাজিক বিষয়ক মন্ত্রী ডা. দারিজা কিসিচ তেপাভেভিচের সঙ্গে বেলগ্রেডে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত শামীম আহসান। ঢাকা এবং বেলগ্রেডের মধ্যে ঐতিহাসিক বন্ধন এবং বিশেষ করে শ্রম এবং কর্মসংস্থানের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে উভয়ে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক/চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে রাষ্ট্রদূতকে বৈধভাবে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ কর্মী নিয়োগে সার্বিয়ান কোম্পানিগুলোর গভীর আগ্রহের কথা অবহিত করা হয়। সার্বিয়ার তথ্যমতে, সম্প্রতি বাংলাদেশি শ্রমিকদের জন্য ৩০টি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে। ইতোমধ্যে ১৪ জন বাংলাদেশি কর্মী একটি জ্বালানি কোম্পানিতে যোগদানও করেছেন। রাষ্ট্রদূত সেই কোম্পানি পরিদর্শন করেন এবং সংস্থাটির শীর্ষ কর্মকর্তা ও কর্মরত বাংলাদেশি কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। বাংলাদেশি কর্মীরা তার সঙ্গে আলাপকালে কোম্পানিতে কাজের পরিবেশ এবং কোম্পানির দেয়া সুযোগ-সুবিধার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন