News71.com
 Bangladesh
 15 Sep 21, 07:11 PM
 386           
 0
 15 Sep 21, 07:11 PM

ফেসবুক-ইউটিউব মনিটরিং করতে মাঠে নামছে পুলিশ॥ আইজিপির বিশেষ নির্দেশ

ফেসবুক-ইউটিউব মনিটরিং করতে মাঠে নামছে পুলিশ॥ আইজিপির বিশেষ নির্দেশ

নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, কোনো নাগরিক যাতে সাইবার অপরাধের শিকার না হন সেজন্য ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম কঠোরভাবে নিয়মিত মনিটর করতে হবে। তিনি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও সরকার ও পুলিশ বাহিনীর প্রদত্ত অনুশাসন মেনে চলার নির্দেশ দেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সভায় সমাপনী বক্তৃতায় আইজিপি এ নির্দেশ দেন। পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে অনুষ্ঠিত এ সভায় সব অতিরিক্ত আইজি, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, সব জেলার এসপি, মেট্রোপলিটন এলাকার উপ-কমিশনাররা উপস্থিত ছিলেন।

সম্প্রতি দেশে ও দেশের বাইরে একটি চক্র রাষ্ট্র, বঙ্গবন্ধু পরিবার, সরকার, বিচার বিভাগ, শিল্পপতিসহ সমাজে প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নানা ধরনের বিষোদগার ছড়াচ্ছে। ভাড়া করা সাইবার সস্ত্রাসী গোষ্ঠীকে চিহ্নিত করা গেলেও দেশের বাইরে থাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর জবাবদিহি না থাকায় এসব অপরাধীকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রথম সারির কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ তুলে ধরে ক্রাইম কনফারেন্সে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে জবাবদিহির আওতায় আনার ওপর জোর দিলে আইজিপি তাদের এ বার্তা দেন। আইজিপি বলেন, ‘এবার নতুন নীতিমালায় পুলিশ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। এটা অত্যন্ত দক্ষতার সঙ্গে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। আমরা পাশের বিভিন্ন দেশ এবং উন্নত অনেক দেশের নিয়োগ নীতিমালা পর্যালোচনা করে বাংলাদেশ পুলিশের উপযোগী কনস্টেবল নিয়োগ নীতিমালা প্রণয়ন করেছি। এর ফলে কনস্টেবল পদে মেধা ও শারীরিক দিক থেকে অধিকতর যোগ্যতাসম্পন্ন পুলিশ সদস্য নিয়োগে সক্ষম হব। অচিরেই পুলিশের সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নতুন নীতিমালা অনুযায়ী লোক নিয়াগ করা হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন