
নিউজ ডেস্কঃ ফোনালাপে আড়িপাতা প্রতিরোধের নিশ্চয়তা ও ফাঁস হওয়া ঘটনাগুলো তদন্ত করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর আদেশের জন্য দিন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ১৩ সেপ্টম্বর ওই রিটের ওপর শুনানি শেষে আদেশের জন্য ১৯ সেপ্টেম্বর দিন ঠিক করা হয়েছিল। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং বিটিআরসির পক্ষে আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।
গত ১০ আগস্ট মঙ্গলবার সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ রিট দায়ের করেন। পরে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দফা শুনানির সময় পেছানো হয়। আবেদনে বিবাদী করা হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে। এর আগে এ বিষয়ে পদক্ষেপ নিতে আইনি নোটিশ দেওয়া হয়েছিল।