
নিউজ ডেস্কঃ জেলা প্রশাসক তাঁর বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আইনজীবী সমিতির নেতারা। আজ রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন বলেন, আমরা বৈধভাবেই এখানে অবস্থান করছি। দলিলমূলে এখানে আছি। ডিসি (জেলা প্রশাসক) মোহাম্মদ মমিনুর রহমান বিভিন্ন গণমাধ্যমে জেলা আইনজীবী সমিতির নামে যে মিথ্যা বক্তব্য দিয়েছেন, তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।
লিখিত বক্তব্যে জিয়া উদ্দিন বলেন, ডিসির বক্তব্যের সঙ্গে দেশের বাস্তবতার মিল আছে কি-না তা আমার জানা নেই। ডিসি সাহেব যে কাজ করছেন তা নীতিবহির্ভূত। তিনি আইনজীবী সমিতির মান সম্মান ক্ষুন্ন করেছেন। আইনজীবী সমিতির ভবনসমূহ যথাযথভাবে অনুমোদিত নয় এবং ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। পরীর পাহাড় এলাকায় সিডিএ কোনও ভবনের অনুমোদন দেওয়ার পূর্বে যেন জেলা প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয় বলেও মন্তব্য করেছেন ডিসি। যা তার এখতিয়ার বহির্ভূত।‘শত বছরের ঐতিহ্যে লালিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সম্মান, মর্যাদা ক্ষুন্ন করার জন্য জেলা প্রশাসনের এহেন ঘৃণিত প্রয়াস দুঃখজনক। এছাড়া পানি সংযোগ, গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ না দেওয়ার জন্য জেলা প্রশাসন বিভিন্ন দফতরে পত্র প্রেরণ করেছে। প্রকৃতপক্ষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ভবন যাতে নির্মাণ হতে না পারে, সেজন্যই জেলা প্রশাসন থেকে এমন ন্যাক্কারজনক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে’।