
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে ছিনতাই, বিস্ফোরক আইনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একাধিক মামলার আসামি ফয়সাল হোসেনকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। পরে তার হেফাজত থেকে একটি স্বয়ংক্রিয় রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। গ্রেফতার ফয়সাল শহরের দিয়ার ধানগড়া মহল্লার বাসিন্দা। এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) শহরের বিভিন্ন মহল্লা থেকে ১১ জন ছিনতাইকারীকে আটক করে ডিবি ও সদর থানা পুলিশ।
ওসি নজরুল ইসলাম জানান, রোববার (১৯ সেপ্টেম্বর) ফয়সালকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্যমতে ছিনতাই কাজে ব্যবহৃত একটি টু-টু বোরের স্বয়ংক্রিয় রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, ফয়সালের বিরুদ্ধে ছিনতাই ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। ২০১৯ সালে ২৭ আগস্ট রাতে হাতকড়াসহ পালানোর সময় পুলিশের গুলিতে এক পা পঙ্গু হয়ে যায় ফয়সালের। এরপর কৃত্রিম পা লাগিয়ে ছিনতাই ও মাদক ব্যবসা চালিয়ে আসছেন তিনি।