
নিউজ ডেস্কঃ নোয়াখালীর কবিরহাট পৌরসভা, হাতিয়া ও সুবর্ণচর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র পাঁচ চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। জেলার হাতিয়া উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যার মধ্যে আওয়ামী লীগ ও স্বতন্ত্র মিলে ৫ জন চেয়াম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ থেকে ১০টার মধ্যে এসব প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেন।
ভোটকেন্দ্রের সুষ্ঠু পরিবেশ না থাকা, ভোটারদের হুমকির অভিযোগে নোয়াখালীর হাতিয়ার বুড়ির চর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জিয়া আলী মোবারক কল্লোল, জাহাজমারা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এটিএম সিরাজ উদ্দিন, চরঈশ্বর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আবদুল হালিম আজাদ (আনারস), সোনাদিয়া বিদ্রোহী প্রার্থী (মোটর সাইকেল) নুরুল ইসলাম ও নিঝুম দ্বীপ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী (মোটরসাইকেল) মেহেরাজ উদ্দিন ভোট বর্জনের ঘোষণা দেন। একাধিক চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করেন, হাতিয়ায় নির্বাচন করতে হলে হতে হবে সাবেক এমপি মোহাম্মদ আলীর আশীর্বাদপুষ্ট। স্বতন্ত্র প্রার্থী ও নৌকা প্রতীক পেয়েও মোহাম্মদ আলীর বিরোধীতার কারণে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা, হুমকি ও এজেন্টদের বের করে দেওয়া হয়।