
নিউজ ডেস্কঃ ঢাকা-পায়রা বন্দর রেলপথ নির্মাণে সৌদি আরবকে অর্থায়নের অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের ডেপুটি গভর্নর ইয়াজিদ আল হামিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান। বুধবার (২২ সেপ্টেম্বর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। সৌদি আরব বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের ডেপুটি গভর্নর ইয়াজিদ আল হামিদ।
তিনি বলেন, বিজনেস টু বিজনেস (বিটুবি) অথবা বিজনেস টু গভর্নমেন্ট (বিটুজি) মডেলে বাংলাদেশে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড-পিআইএফ হতে বিনিয়োগ করা যেতে পারে। সৌদি সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে রিয়াদে এক দ্বিপাক্ষিক বৈঠককালে তিনি এ আশা প্রকাশ করেন। এ সময় তিনি ২০১৬ সাল থেকে পরিবর্তিত নতুন ব্যবস্থাপনা ও উদ্দেশ্য অর্জনে পিআইএফ এর পরিচালনা পদ্ধতি ও পরিকল্পনা বিষয়ে ধারণা দেন। উপদেষ্টা সালমান এফ রহমান বাংলাদেশে বিদেশি বিনিয়োগের মডেলসমূহ বর্ণনা করে বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব ও যুগোপযোগী চিন্তাধারায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধিত হয়েছে। বাংলাদেশ আজ বিদেশি বিনিয়োগের একটি আদর্শ স্থান বলে বিবেচিত হচ্ছে।