
নিউজ ডেস্কঃ ই-কমার্সে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার দায় নিয়েই আমরা কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আমাদের কাজ ব্যবসায়ীদের সহায়তা করা। কিন্তু তারা যে মানুষকে লোভ দেখাচ্ছে সেটা বাণিজ্য মন্ত্রণালয় দেখবে না। ১০০ টাকার জিনিস তারা ৫০ টাকায় দিতে চায়, সেটা কিভাবে সম্ভব। মানুষ লোভ সম্বরন করতে পারেনি। লোভ সম্বরন করা দরকার। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ডিজিটাল কমার্স ব্যবসায় সাম্প্রতিক সমস্যা বিষয়ে পর্যালচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী বলেছেন ইভ্যালিসহ ই-কমার্সের দায়ভার বাণিজ্য মন্ত্রণালয় এড়াতে পারে না এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী বলেছেন দায় এড়ানো যায় না, আমরা দায় এড়াতে চাচ্ছি না। এজন্যইতো সভাগুলো করছি আমরা। একটা ঘটে গেছে বলেই যেসব নষ্ট হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। আমরা দায় নিচ্ছি যে আগামীতে হাজার হাজার লক্ষাধিক লোক ইকমার্সের ওপর বেঁচে আছে। তাদেরতো আমরা ডুবাতে পারবো না। এজন্য দায় নিয়েই আমরা চেষ্টা করছি কিভাবে সমাধান করা যায়।