
নিউজ ডেস্কঃ ক্রেতা ঠকানোর অভিযোগ তুলে এক বছর আগে ইভ্যালির ধামাকা অফারের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে মামলা করেছিল বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)। পাশাপাশি কমিশনে ডাকা হয়েছিল ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেলকে। পরবর্তীতে এ ধরনের অফার দেওয়া হয়নি। বিষয়টি ওয়েবসাইটে প্রকাশ করা হলেও এ বিষয়ে কোনো সংবাদ হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন কমিশনের চেয়ারপার্সন মো. মফিজুল ইসলাম। তখন সংবাদ প্রকাশ হলে এতো মানুষ ঠকতো না বলে দাবি করেছেন তিনি।
বিসিসি সূত্র জানায়, ইভ্যালির ওয়েবসাইটে ‘ঈদ ধামাকা’ নামে একটি অফার গত ১২ আগস্ট, ২০২০ তারিখে প্রকাশ হয়। তাতে বিভিন্ন পণ্যের জন্য বিভিন্ন ধরনের ক্যাশব্যাক অফার রয়েছে যার পরিমাণ ৮০ শতাংশ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত। বিষয়টি নজরে আসায় স্বপ্রণোদিত হয়ে তা বাজারে প্রতিযোগিতার ওপর বিরূপ প্রভাব বিস্তার করছে কিনা সে সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহের জন্য বিসিসির উপ-পরিচালক (ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও গবেষণা) আনোয়ার-উল-হালিমকে দায়িত্ব দেওয়া হয়।
এরপর ২০২০ সালের নভেম্বরে ইভ্যালির বিরুদ্ধে মামলা করা হয়। ইভ্যালির যে ‘ঈদ ধামাকা অফার’ নিয়ে বিসিসির স্বপ্রণোদিত হয়ে মামলার সূত্রপাত, সেই অফারের শর্তাবলী অংশের ৪ নম্বর শর্তে বলা হয়েছে ‘ঈদ ধামাকা ক্যাম্পেইনে পার্শিয়াল পেমেন্ট অ্যালাউড না, ফুল পেমেন্ট করতে হবে। ক্যাশব্যাক ইভ্যালি ব্যালেন্সে যোগ হবে পেমেন্ট করার ৩ দিন পর। যা পরবর্তীতে ইভ্যালিতে যে কোনো রেগুলার শপ থেকে কেনাকাটায় ব্যবহার করা যাবে । সেক্ষেত্রে পণ্যের ৬০ শতাংশ ব্যালান্স থেকে এবং ৪০ শতাংশ নতুন পেমেন্ট করতে হবে।’ ওই শর্তের কারণে ৮০% -১৫০% ক্যাশব্যাক অফারে যে ক্রেতা আকৃষ্ট হয়ে ইভ্যালি থেকে পণ্য ক্রয় করবেন, তাকে ক্যাশব্যাক সুবিধা নিতে হলে আরেকটি পণ্য সেই পণ্যের মূল্যের ৪০ শতাংশ অর্থ পরিশোধ করে নিতে হবে। ইভ্যালি ওই অফা একবারই অনলাইনে দিয়েছিল, যার স্থায়িত্ব ছিল স্বল্প সময়। পরবর্তীতে আর এ ধরনের অফার দেওয়া হয়নি।