
নিউজ ডেস্কঃ বিশ্ববাসীর কাছে দেশের ভাবমূর্তি তুলে ধরতে দুবাইতে অনুষ্ঠেয় ছয় মাসব্যাপী ওয়ার্ল্ড এক্সপো ২০২০ তে বাংলাদেশ অংশ নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ ওয়ার্ল্ড এক্সপো আগামী ১ অক্টোবর ২০২১ শুরু হয়ে চলবে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত।সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আগামী অক্টোবরে ‘দুবাই এক্সপো ২০২০’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
২০১৫ সালে ইতালির মিলানে সর্বশেষ ওয়ার্ল্ড এক্সপো অনুষ্ঠিত হয়েছিল। মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া (এমইএএসএ) অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত প্রথম ওয়ার্ল্ড এক্সপো ২০২০ আয়োজন করছে। যা কোভিড মহামারির কারণে পরিবর্তিত মেয়াদে ১ অক্টোবর ২০২১ শুরু হয়ে আগামী ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত ছয় মাসব্যাপী চলবে এ এক্সপো। বাণিজ্যমন্ত্রী বলেন, এ বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের যোগ্যতা অর্জনের মতো তিনটি গৌরবময় বিষয় বিশ্বব্যাপী ইতিবাচকভাবে তুলে ধরার জন্য এক্সপো ২০২০ দুবাই সুযোগ তৈরি করেছে। তাই বাণিজ্য মন্ত্রণালয় অতীতের মতো এক্সপোতে প্রথাগতভাবে অংশ নেওয়ার পরিবর্তে সাসটেইনেবিলিটি সাভ-থিমের আওতায় প্রথমবারের মতো ভাড়া করা প্যাভিলিয়নে অংশগ্রহণ করছে। একইসঙ্গে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, সংযুক্ত আরব আমিরাতও এ বছর তাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে।