News71.com
 Bangladesh
 28 Sep 21, 11:27 AM
 229           
 0
 28 Sep 21, 11:27 AM

আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমার আভাস॥

আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমার আভাস॥

নিউজ ডেস্কঃ তিন দিন থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। তবে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ায় তা কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এক্ষেত্রে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘গুলাব' গত রোববার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে গভীর নিম্নচাপ হিসেবে উড়িষ্যা এবং তৎসংলগ্ন ছত্তিসগড় এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, এ অবস্থায় আগামী মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুরে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন