
নিউজ ডেস্কঃ দেশে এক দিনে ১ কোটি ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ধানমণ্ডির ডিঙি রেস্টুরেন্ট সংলগ্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। মুখ্যসচিব বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনের এই শুভক্ষণে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ থেকে আমরা বড় বড় অংকের টিকা একসঙ্গে দেবো। এতে যারা টিকার জন্য অপেক্ষামান রয়েছেন, তাদের তালিকা শেষ হবে।
তিনি বলেন, এখন ২৫ বছর পর্যন্ত টিকা নেওয়ার বয়সসীমা রয়েছে। এটাও আমরা ধাপে ধাপে নামিয়ে আনবো। আমরা আশা করছি এ বছরের শেষে কিংবা আগামী বছরের প্রথম দিকে ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়ার যে সিদ্ধান্ত রয়েছে, তা বাস্তবায়িত হবে। এদিন টিকাগ্রহীতাদের উপস্থিতি কম কেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এর আগে অনেক টিকাদান কেন্দ্রে ভিড় লক্ষ্য করা গেছে। তাই এবার আমরা এসএমএস দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের কখন আসতে হবে সেটাও বলে দিয়েছি। তাই ভিড় কম হয়েছে। অনেকের রেজিস্ট্রেশন করার দুই-তিন মাস অতিবাহিত হয়েছে, তাদের আমরা টিকা দিয়ে দিচ্ছি। কোনো বয়স্ক মানুষ আসলে তাদেরও আমরা টিকা দিচ্ছি। সিদ্ধান্তটা হচ্ছে- আজকে কেউ টিকা না নিয়ে ফিরে যাবে না।