
নিউজ ডেস্কঃ রাজধানীর বিমানবন্দর গোলচত্বর এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে সন্তান জন্ম দিলেন নারী পথচারী। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। ওই নারীর নাম রুনা বেগম। তিনি শ্বশুরবাড়ি জামালপুর থেকে শরীয়তপুরে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথেই তার প্রসব বেদনা শুরু হয়। তাকে বহনকারী বাস রাজধানীর বিমানবন্দর গোলচত্বর এলাকায় চলে আসে। সেখানেই তিনি নেমে যান। পাশেই ট্রাফিক পুলিশের অফিসে গিয়ে সহায়তা চান। এক পর্যায়ে ট্রাফিক অফিসেই তিনি কন্যা সন্তানের জন্ম দেন।
এ বিষয়ে ট্রাফিক উত্তরা বিভাগের এসি মো. আব্দুল্লাহ বলেন, রুনা বেগম একা জামালপুরে তার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি শরীয়তপুরের উদ্দেশে রওয়ানা করেন। বিকেল সোয়া ৪টায় বিমানবন্দর গোলচত্ত্বরে আসার পরে তার প্রসব বেদনা শুরু হয়। এসময় তিনি বিমানবন্দর গোলচত্ত্বরে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সাহায্য চান। তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ। পরবর্তীতে একজন নারী পথচারীর সহায়তায় শালীনতা বজায় রেখে বিমানবন্দর গোলচত্ত্বরে ট্রাফিক পুলিশ বক্সের পাশের রুমে রুনাকে নেওয়া হয়। এরপর সেখানেই বিকাল সাড়ে ৪টায় তার কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা সন্তান।