News71.com
 Bangladesh
 29 Sep 21, 07:22 PM
 178           
 0
 29 Sep 21, 07:22 PM

ধামাকার লেনদেনের ৭৫০ কোটি টাকা উধাও॥  

ধামাকার লেনদেনের ৭৫০ কোটি টাকা উধাও॥   

নিউজ ডেস্কঃ বিভিন্ন পণ্যে ছাড়ের ছড়াছড়ি দিয়ে আসা 'ধামাকা শপিং ডট কম' নামে ই-কমার্স প্রতিষ্ঠানের আড়ালে লক্ষ্যই ছিল প্রতারণা ও অর্থ আত্মসাৎ। কোনো ধরনের অনুমোদন ও লাইসেন্স ছাড়া ব্যবসা শুরু করার ৬ মাসের মধ্যেই তিন লাখ গ্রাহক তৈরি করে প্রতিষ্ঠানটি। ধামাকা শপিং সর্বমোট ৭৫০ কোটি টাকার লেনদেন করলেও বর্তমানে অ্যাকাউন্টে রয়েছে এক লাখ টাকারও কম। প্রতিষ্ঠানটির কাছে বর্তমানে সেলারদের বকেয়া রয়েছে প্রায় ২০০ কোটি টাকা, ক্রেতাদের বকেয়া ১৫০ কোটি টাকা ও গ্রাহকদের রিফান্ড চেক বকেয়া রয়েছে প্রায় ৩০-৪০ কোটি টাকা। বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ধামাকা শপিংয়ের চিফ অপারেশন অফিসার (সিওও) সিরাজুল ইসলাম রানাসহ (৩৪) তিন জনকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশ ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

গ্রেফতার বাকি দুইজন হচ্ছেন- ধামাকা শপিংয়ের মোবাইল ফ্যাশন ও লাইফস্টাইল ক্যাটাগরি হেড ইমতিয়াজ হাসান সবুজ (৩১) ও ইলেক্ট্রনিক্স ক্যাটাগরি হেড ইব্রাহিম স্বপন (৩৩)। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ২৩ সেপ্টেম্বর টঙ্গী পশ্চিম থানায় এক ভুক্তভোগীর দায়েরকৃত মামলা ও বেশকিছু ভুক্তভুগীর অভিযোগের ভিত্তিতে ধামাকা শপিংয়ের সিওওসহ তিনজনকে গ্রেফতার করা হয়। ২০১৮ সালে ‘ধামাকা ডিজিটাল’ যাত্রা শুরু করলেও ২০২০ সাল থেকে ‘ধামাকা শপিং ডট কম’ নামে কার্যক্রম শুরু করে। ২০২০ সালের অক্টোবর থেকে প্রতিষ্ঠানটি নেতিবাচক অ্যাগ্রেসিভ স্ট্র্যাটিজি নিয়ে মাঠে নামে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন