News71.com
 Bangladesh
 29 Sep 21, 07:23 PM
 170           
 0
 29 Sep 21, 07:23 PM

মা-ছেলেকে অপহরণ॥ এএসপিসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

মা-ছেলেকে অপহরণ॥ এএসপিসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নিউজ ডেস্কঃ দিনাজপুরে মা-ছেলেকে অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় সিআইডির এএসপি ও তিন পুলিশ সদস্যসহ ১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। শুনানির জন্য বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন বিচারক। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিনাজপুর কোর্টের পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঞ্চল্যকর এ ঘটনায় ডিবি পুলিশ পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান তদন্ত কার্যক্রম সম্পন্ন করে মঙ্গলবার বেলা ১১টায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসু দাখিলকৃত অভিযোগপত্র আমলে নিয়ে শুনানির জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

অভিযুক্তরা হলেন- রংপুর সিআইডি জোনের গ্রেপ্তারকৃত এএসপি সারোয়ার কবীর সোহাগ, এএসআই মো. হাবিবুর রহমান ও কনস্টেবল আহসানুল হক ফারুক, তাদের সহযোগী শফিউল আলম পলাশ ও মাইক্রোবাস চালক হাবিব মিয়া। অভিযোগপত্রের অপর ছয় আসামি হলেন- চিরিরবন্দর উপজেলার আন্দামহ গ্রামের ইমতাজুল হকের ছেলে আরিফিন শাহ্, দিনাজপুর উপশহর ৬নং ব্লকের সোহেল হোসেন, সুইহারী এলাকার রিয়াজ হোসেন, উপশহর ২নং ব্লকের সুমন মিয়া, উপশহর ৩নং ব্লকের জাহিদ হোসেন ও চিরিরবন্দর উপজেলার নান্দাইল গ্রামের লুৎফর রহমান। এই আসামিরা পলাতক। তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আবেদন জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন