
নিউজ ডেস্কঃ ‘মুজিব বর্ষ’ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল উদ্যোগে কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘বাংলা কর্ণার’ স্থাপন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এই ‘বাংলা কর্ণার’ উদ্বোধন করেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, নিউইয়র্ক স্টেট সিনেটর জন সি. ল্যু, কুইন্স বোরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস এবং কুইন্স পাবলিক লাইব্রেরির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেনিস এম ওয়ালকট প্রমুখ।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কম্যুনিটির সর্ববৃহৎ আবাসস্থল নিউইয়র্কস্থ কুইন্স বোরো যেখানে ইংরেজি, স্প্যানিশ ও চাইনিজ ভাষার পরেই বাংলা চতুর্থ বৃহৎ ভাষা হিসেবে ব্যবহ্নত হয়। সে কারণে বোরোতে অবস্থিত কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘বাংলা কর্ণার’ উদ্বোধন বিশেষ তাৎপর্য বহন করে। ‘বাংলা কর্ণার’ টির সর্বমোট ৩০৯টি বই বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে দেওয়া হয়েছে। বইগুলো বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিষয়ে বাংলাদেশের প্রথিতযশা লেখক ও সাহিত্যিকদের লেখা। এছাড়াও বাংলাদেশের উপন্যাস, গল্পসমগ্রসহ শিশু-কিশোর উপজীব্য বই কর্ণারে স্থান পেয়েছে।