
নিউজ ডেস্কঃ শেখ হাসিনার সততা এবং দেশপ্রেমের কারণে আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার চেতনাকে নির্বাসনে পাঠিয়েছিলেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সততা এবং সাহসীই হচ্ছে শেখ হাসিনার ম্যাজিক। দেশের রাজনীতি থেকে অপকর্মকারী ও দুর্নীতিবাজদের না বলতে হবে। ভালো মানুষকে দেশের রাজনীতিতে আসতে হবে। ভালো মানুষ রাজনীতিতে না এলে দেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই মেধাবী, সৎ ও চরিত্রবান সুনাগরিকদের রাজনীতিতে আসতে হবে। তিনি বলেন, টেমস নদীর পাড় থেকে আসা বার্তায় দেশে আন্দোলনের হাঁকডাক দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ হাঁকডাক আমরা অনেক শুনেছি। বিএনপির ভাঙাহাট আর জমবে না।