
নিউজ ডেস্কঃ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-২৬ এর প্রি-কনসালটেশন সভায় অংশ নিতে ইতালি গিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। ইতালির মিনিস্টার অফ ইকোলজিক্যাল ট্রানজিশন রবার্তো সিঙ্গোলানির আমন্ত্রণে বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোরে মিলানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ইতালির মিলানে ওই সভা অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বাংলাদেশ ফোকাল পয়েন্ট আহমদ শামীম আল রাজী এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক। সফরে পরিবেশমন্ত্রী কপ-২৬ এর প্রি-কনসালটেশন সভা ছাড়াও সিভিএফ সেক্রেটারিয়েট এবং অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে কপ-২৬ প্রস্তুতির বিষয়ে আলোচনা সভায় মিলিত হবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু সম্মেলনের এক মাস পূর্বে অনুষ্ঠিতব্য এ সভা জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।