
নিউজ ডেস্কঃ রাজধানীর কালশি কবরস্থান এলাকা থেকে বাজারের ব্যাগ ভর্তি মানুষের খুলি, হাত ও কোমরের হাড়সহ মো. হান্নান মিঞা (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আজাদ বাদী হয়ে হান্নানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয়, মঙ্গলবার দিনগত রাতে পল্লবী থানার সেকশন-১১, বাউনিয়াবাঁধ মহিলা মাদ্রাসার সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মিরপুর-১১ নম্বর কালশী কবরস্থানের দেয়ালের ভেতর পূর্ব পাশের পুরাতন কবর থেকে কঙ্কাল চুরি করে নেওয়ার সময় এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করি। এ সময় ওই যুবকের হাতে থাকা প্লাস্টিকের একটি সাদা ব্যাগে তিনটি মানুষের মাথার খুলি, আটটি পায়ের হাড়, ১৩টি হাতের হাড় ও ছয়টি কোমরের হাড় পাওয়া গেছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, কঙ্কাল চুরির ঘটনায় একটি মামলা হয়েছে। আসামি যাদের কাছে কঙ্কাল বিক্রি করতেন তাদের খুঁজে বের করতে অভিযান চলছে।