
নিউজ ডেস্কঃ নদীর দখল-দূষণ রোধে মাদ্রিদের অভিজ্ঞতা কাজে লাগাতে স্পেনের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) একযোগে কাজ করবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) নগর ভবনে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো বেনিতেজ সৌজন্য সাক্ষাতকালে ডিএসসিসি মেয়র এ কথা বলেন। এ সময় তারা বুড়িগঙ্গার দখল-দূষণ রোধে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাক্ষাতকালে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো বেনিতেজ বলেন, মানজানেরে নদীর তীরে গড়ে ওঠেছে মাদ্রিদ শহর। সেই নদীও একসময় দখল-দূষণে মৃতপ্রায় ছিল। কিন্তু দখলমুক্ত ও দূষণ রোধ করে মানজানেরে নদীর পুনঃজীবিত করা হয়েছে। সেই অভিজ্ঞতা এবং প্রযুক্তি সহায়তার মাধ্যমে স্পেন ঢাকা শহরের বুড়িগঙ্গাসহ অন্যান্য নদীর দখল-দূষণ রোধে পারস্পরিক সহযোগিতা ভিত্তিতে এগিয়ে যেতে পারে।
এ সময় ডিএসসিসি মেয়র বলেন, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বুড়িগঙ্গা নদীর দখল-দূষণ রোধ করার এই প্রস্তাব সাধুবাদ যোগ্য। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের মাধ্যমে নদীর তীর ও অববাহিকায় নান্দনিক ও মনোরম পরিবেশ সৃষ্টি করতে আমরা একযোগে কাজ করতে পারি। ঢাকা ও মাদ্রিদ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ধারাবাহিক উদ্যোমে সমৃদ্ধি অর্জন ও উপকৃত হতে পারে। সাক্ষাতকালে স্পেনের রাষ্ট্রদূত বেনিতেজ মাদ্রিদ সিটি কাউন্সিল পরিচালিত পরিবেশ বান্ধব ব্যবস্থাপনার মাধ্যমে গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও পরিবেশের উন্নয়নে মাদ্রিদ সিটি করপোরেশন গৃহীত উদ্যোগ ডিএসসিসি মেয়রকে অবগত করেন। এ বিষয়ে দক্ষিণ সিটিকে মাদ্রিদের অভিজ্ঞতা কাজে লাগাতে সহযোগিতার প্রস্তাব দেন। এমন প্রস্তাবনার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে মেয়র তাপস বিষয়টি খতিয়ে দেখে তা ঢাকা শহরেও বাস্তবায়ন করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন।