News71.com
 Bangladesh
 01 Oct 21, 11:06 AM
 179           
 0
 01 Oct 21, 11:06 AM

আবাসিক হল খোলার দাবীতে বিছানাপত্র নিয়ে ভিসি বাসভবনের সামনে ইবি শিক্ষার্থীদের অবস্থান॥

আবাসিক হল খোলার দাবীতে বিছানাপত্র নিয়ে ভিসি বাসভবনের সামনে ইবি শিক্ষার্থীদের অবস্থান॥

নিউজ ডেস্কঃ হল খোলার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের বাসভবনের সামনে বিছানাপত্র নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা ৷ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে তারা সেখানে অবস্থান নেন। পরে বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের আহবানে তারা কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন৷ তবে প্রক্টরের-শিক্ষার্থী সাক্ষাৎকালে আগামী ৮অক্টোবরের ভেতর হল না খুললে আবারো আন্দোলনে নামার ঘোষণা দিয়ে আসেন শিক্ষার্থীরা। জানা যায়, গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ রেখে পরীক্ষা শুরু হয়। প্রথমদিকে অনার্স ৪র্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা নেয়ার কথা থাকলেও বিভাগগুলো একই সাথে একাধিক বর্ষের পরীক্ষা নিচ্ছে।

এমনকি কিছু বিভাগ ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার রুটিনও দিয়েছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মেস গুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্যে করা গেছে। কোনো কোনো মেসে পূর্বের বর্ডার থাকা সত্ত্বেও মালিক সেখানে নতুন শিক্ষার্থীদের তুলেছে। আর অন্যদিকে পূর্বের বর্ডাদের পরীক্ষার তারিখ দিলে তারা মেসে এসে দেখেন তাদের সিট নেই। মেস মালিক তাদের না জানিয়েই অন্য আরেকজনকে ভাড়া দিয়ে দিয়েছে। শিক্ষার্থীদের দাবি করোনার এই সময় তারা পূর্বের ভাড়াও ঠিকঠাক দিয়েছে। মেসের সিট না পেয়ে শিক্ষার্থীরা অনেকেই এখানে ওখানে রাত কাটাচ্ছে। আর এ অবস্থায় দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে হল খোলার দাবি জানিয়ে আসছিলো শিক্ষার্থীরা। তবে প্রশাসনের কাছ থেকে এখনো কোনো সিদ্ধান্ত না পাওয়ায় শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে তোশক, বালিশ, বিছানার চাদর বিছিয়ে অনশন কর্মসূচি পালন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন