
নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমার শুধু জাহাজ চালব না, তৈরিও করব। অন্য দেশে জাহাজ রপ্তানি করবো। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘বিশ্ব নৌ দিবস ২০২১’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, সবাই মিলে আমরা আগামী প্রজন্মের জন্য কাজ করে যাচ্ছি। ব্যবসায়ী যারা আছেন তাদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে শিপিং সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে।
ব্যবসায়ী ও সরকার সম্মিলিতভাবে পরিকল্পনা করে আমাদের এগিয়ে যেতে হবে। প্রত্যেকের যে সমস্যাগুলো আছে, আমরা সেগুলোকে নিজের সমস্যা বলে মনে করি। আশা করি দেশের যেসব বড় বড় শিপিং প্রতিষ্ঠান আছে তারা আবারও শিপিং সেক্টরে বিনিয়োগ করবে। এই সেক্টরটিকে আরো বড় করতে হবে। তিনি বলেন, করোনাকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের জীবন-জীবিকা একদিনের জন্যও থেমে থাকেনি। বিশ্বের বড় বড় দেশগুলো ভ্যাকসিন নিয়ে হিমশিম খাচ্ছে। এর মধ্যে আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। করোনাকালে সব সেক্টরের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। সব জায়গায় স্থবিরতা ছিল। কিন্তু আমরা থেমে থাকিনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে গেছি।