
নিউজ ডেস্কঃ বরগুনার পাথরঘাটা উপজেলায় আব্দুর রহমানের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ও মো. লিটন মাহমুদের মালিকানাধীন এফবি আব্দুল্লাহ ট্রলারের ৩২ জেলে ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১ অক্টোবর) বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এফবি মায়ের দোয়া ট্রালারের নিখোঁজ জেলেরা হলেন- পাথরঘাটা উপজেলার মঠেরখাল এলাকার নুর মোহাম্মাদ মিস্ত্রির ছেলে শাহ জাহান, ছত্তার মোল্লার ছেলে আব্দুর রশিদ, খালেক মিস্ত্রির ছেলে মাসুদ, আব্দুল কুদ্দুসের ছেলে আমির হোসেন, আব্দুর রহমানের ছেলে মিরাজ, নুরু মিয়ার ছেলে ছগির, তাফালবাড়ি এলাকার খলিল গোলদারের ছেলে ফারুক, আব্দুর রহমানের ছেলে আব্দুস ছত্তার, আব্দুল লতিফের ছেলে নাসির, জ্ঞানপাড়া এলাকার আব্দুল গনির ছেলে খলিল, কুদ্দুসের ছেলে আবুল কালাম, বড় টেংরা এলাকার আবুল হাসেমের ছেলে ফুল মিয়া।
এফবি আব্দুল্লাহ ট্রলারের নিখোঁজ জেলেরা হলেন- খোকন মাঝি, হুমায়ুন, শাহজাহান ও রাসেল। অন্য জেলেদের নাম জানা যায়নি।তাদের সকলের বাড়ি নোয়াখালী জেলার আলেকজান্ডার উপজেলার বিভিন্ন এলাকায়।জানা গেছে, এফবি আব্দুল্লাহ ট্রালারটি ২৫ সেপ্টেম্বর এবং এফবি মায়ের দোয়া ২৪ সেপ্টেম্বর দেশের বৃহত্তম মৎস্য অবতরণকেন্দ্র থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। এরপর মায়ের দোয়া ট্রলারের মাঝি শাহজাহানের সঙ্গে গত ২৮ সেপ্টেম্বর সাক্ষাত হয় ট্রলার মালিকের। তারপর থেকে আর যোগাযোগ করতে পারেননি তিনি। এদিকে এফবি আব্দুল্লাহর মালিক লিটন সাগরে যাওয়ার পর থেকে ট্রলরটির সঙ্গে যোগাযোগ করতে পারেননি। গোলাম মোস্তফা চৌধুরী জানান, নিখোঁজের খবর জানার সঙ্গে সঙ্গেই উদ্ধারের জন্য জেলা ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে ৩টি ট্রলার উদ্ধার অভিযানে সাগরে পাঠানো হয়েছে। গত ২ দিন ধরে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখনও জেলে ও ট্রলারের কোন সন্ধান পাওয়া যায়নি।