
নিউজ ডেস্কঃ আজকে যারা প্রবীণ, বিগত দিনে তারা ছিলেন নবীন। দেশ গঠনে প্রবীণরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। প্রবীণদের অবহেলা করা যাবে না। তাদের অভিজ্ঞতায় দেশ সমৃদ্ধ হয়েছে বলে দাবি করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ৩১তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শুক্রবার (১ অক্টোবর) এক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতর এ আলোচনা সভার আয়োজন করে।
দেশ গঠনে প্রবীণদের অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, তাদের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে দেশ ও জাতি। প্রবীণরা যে ভূমিকা রেখেছিলেন, দেশ ও জাতি এই অবদান স্মরণ রাখবে। প্রবীণদের অভিজ্ঞতা সমৃদ্ধ যে কর্মকাণ্ড দেশে সূচীত হয়েছে, সেগুলো বাস্তবায়নে নবীনদের এগিয়ে আসতে হবে।’ প্রবীণদের উন্নয়নে বর্তমান সরকারের অবদান তুলে ধরে মন্ত্রী বলেন, তাদের জন্য বর্তমান সরকার উদার। কিন্তু পরিতাপের বিষয় বিগত দিনের সরকার প্রবীণদের জন্য কিছুই করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রবীণদের জন্য নানা ধরনের ভাতা সেবা ও সুযোগ সুবিধা পরিচালনা করছে। ফলে প্রবীণরা অনেক সুফল ভোগ করছেন। প্রবীণদের গুণগত জীবনমান নিশ্চিতে বিভিন্ন নীতিমালার পাশাপাশি বিশেষ প্রতিষ্ঠান তৈরির কাজ চলমান রয়েছে।