
নিউজ ডেস্কঃ বোরকা পরে পালানোর সময় দু’টি পিস্তল ও নয় রাউন্ড গুলিসহ পুলিশের হাতে ধরা পড়েছেন জুয়েল (২৮) নামে এক সন্ত্রাসী। তিনি শীর্ষ সন্ত্রাসী টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে জানিয়েছে পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে চালানো পুলিশের অভিযানে তিনি আটক হন। জুয়েল আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামের আবদুর রবের ছেলে। শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
পুলিশ সুপার জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা ঠেকাতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশের একাধিক দল। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দিনগত রাতে বেগমগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে রাত সাড়ে ৩টার দিকে আলাইয়াপুরের হাসান আলী মিঝির বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল নামে ওই সন্ত্রাসী বোরকা পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ তাকে ধাওয়া করে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাশি করে দু’টি পিস্তল ও নয় রাউন্ড গুলি পাওয়া যায়।