
নিউজ ডেস্কঃ দীর্ঘ ১৮ বছর ধরে কাজ করছি কারখানাটিতে। সুখে দুঃখে সবসময় পাশে থেকেছি। তবে এখন আমরা যারা শ্রমিক আছি, তাদের অবস্থা খুবই করুণ। গত চার মাস ধরে বেতন বন্ধ। ভীষণ কষ্টে দিনযাপন করছি। অবস্থা এমন যে, এলাকার মুদি ব্যবসায়ীরাও তাদের দোকানের সামনে লিফলেট টাঙিয়ে দিয়েছে 'ওপেক্স গ্রুপ-সিনহা গার্মেন্টস শ্রমিক-কর্মচারীদের বাকি দেওয়া বন্ধ!’ রোববার (৩ অক্টোবর) সকালে রাজধানীর পুরানা পল্টনে শ্রম ভবনের সামনে এসব কথা বলছিলেন কারকানাটির শ্রমিক মো. লিটন খান। চার মাসের বকেয়া বেতনের দাবিতে সকালে শ্ৰম ভবনের সামনে সিনহা গার্মেন্টসের সাড়ে ১২ হাজার শ্রমিক আমরণ অনশন কর্মসূচি পালন করেন। কারখানাটির সুইং বিভাগের শ্রমিক মো. আবুল কালাম বলেন, গত চার মাস ধরে আমাদের বেতন বন্ধ। একাধিকবার বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তারা শুধু তারিখ দেয়, কিন্তু সেই তারিখে বেতন হয় না। তারিখের পর তারিখ আসে, কিন্তু কোনো সুরাহা হয় না, বরং আমরা আরও কঠিন সময়ের মধ্যে পড়েছি।