
নিউজ ডেস্কঃ সপ্তাহ ব্যাবধানে হঠাৎ করেই পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। রাজধানীতে কেজিপ্রতি পেঁয়াজের দর বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। সোমবার (০৪ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরের শেওড়া পাড়া, কাজীপাড়া ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, তিন থেকে চার দিন আগেও পেঁয়াজের দর ৪০ থেকে ৪৫ টাকা ছিল হঠাৎ করেই কেজিতে ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে বলেও জানিয়েছেন তারা।
এ ব্যাপারে শেওড়াপাড়ার দুই ভাই স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ শহীদ বলেন, তিন থেকে চারদিন হলো পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। প্রতিদিনই দাম বাড়ছে এভাবে দাম বাড়তে থাকলে পেঁয়াজ বেচা বন্ধ করে দিতে হবে।দাম বাড়ার কারণে কাস্টমারের সঙ্গে প্রতিদিনই কথা কাটাকাটি হচ্ছে। পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় আমরাও দাম বাড়িয়ে বিক্রি করছি বলে জানালেন কাজীপাড়ার খুচরা পেঁয়াজ ব্যবসায়ী শওকত। তিনি বলেন, আমরা মওজুদ করি না, অল্প মাল আনি বিক্রি করে ফেলি। তাই প্রতিদিনই আমাদের বাড়তি দাম দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে, আর নতুন বেশি দামে বিক্রি করছি।