
নিউজ ডেস্কঃ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদের’ ৪৭ কোটি ৪৩ লাখ ১৮ হাজার ৯৬৩ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে। ই-কমার্স কম্পানি সিরাজগঞ্জ শপ ডটকমের মালিক জুয়েল রানার বিরুদ্ধে প্রতারণা করে এই টাকা আত্মসাতের অভিযোগে গত ১৩ সেপ্টেম্বর মামলাটি হয়েছে রাজধানীর বনানী থানায়। বিষয়টি প্রকাশ পেয়েছে গতকাল রবিবার। ‘নগদের’ জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম চৌধুরী মামলাটি করেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত করার পাশাপাশি আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে প্রতারণা করে ২৭ গ্রাহকের ৯ কোটি ৫৩ লাখ ৫১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত আরেকটি ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনসহ সাতজনের বিরুদ্ধে আদালতে আরেকটি মামলা হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে ভুক্তভোগীদের পক্ষে নাসিম প্রধান অভিযোগ দায়ের করেন। শুনানি শেষে আদালত গুলশান থানাকে অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। সিরাজগঞ্জ শপ ডটকমের বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়েছে, গ্রাহকদের কাছ থেকে পণ্যের দাম পরিশোধের মাধ্যম হিসেবে ‘নগদ’ কর্তৃপক্ষের সঙ্গে ২০২১ সালের ১৪ মার্চ চুক্তিবদ্ধ হয় প্রতিষ্ঠানটি। ৩০ ও ৩১ আগস্টে ‘নগদের’ সিরাজগঞ্জ শপ ডটকমের কিছু হিসাবে অস্বাভাবিক লেনদেন ধরা পড়ে। পরে দেখা যায়, কয়েকজন গ্রাহকের জন্য টাকা ফেরতের অনুরোধ পাঠিয়ে মোট ৪৭ কোটি ৪৩ লাখ ১৮ হাজার ৯৬৩ টাকা নেওয়া হয়।