
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের বহু মানুষ ক্যাবল অপারেটিংয়ের জন্য লাইসেন্স চায়। আমাদের কাছে হাজারো দরখাস্ত জমা পড়েছে। সেগুলোও পরীক্ষা-নিরীক্ষা করছি। সোমবার (৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সম্মেলন কক্ষে টেলিভিশন ওর্নাস অ্যাসোসিয়েশন (এটকো) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য সচিব মো. মকবুল হোসেন, এটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, সহ-সভাপতি মোজাম্মেল বাবু, সদস্য ইকবাল সোবাহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে ক্লিনফিড চালানোর দায়িত্ব সংশ্লিষ্ট চ্যানেলের। ক্লিনফিড পাঠাতে বড় রকমের বিনিয়োগ, কারিগরি সহায়তা প্রয়োজন এ সমস্ত কথা বলা হচ্ছে। যেটা বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টারই একটা অংশ। কারণ এখন এত কিছু লাগে না। একটি কম্পিউটার দিয়েই কম প্রযুক্তিতে এটি করা সম্ভব। সংশ্লিষ্ট চ্যানেল এটা করতে পারে, এই দায়িত্ব সংশ্লিষ্ট চ্যানেলের। সংশ্লিষ্ট চ্যানেলের যারা ডাউনলোডিং করার অনুমতি নিয়েছেন। তারাও আমাদের দেশে একজন ব্যবসায়ী। সুতরাং এটা তাদের প্রাথমিক দায়িত্ব। এই দায়িত্বটা তারা পালন করবেন। তাদের লাইসেন্স দেওয়ার সময় এ শর্তের কথা বলা আছে।