News71.com
 Bangladesh
 05 Oct 21, 11:28 PM
 157           
 0
 05 Oct 21, 11:28 PM

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট॥

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট॥

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা হাজারও যানবাহন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন উত্তরাঞ্চলের যাত্রীরা। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর থেকে থেমে থেমে যানজট থাকলেও বিকেল হতেই তা তীব্র আকার ধারণ করেছে। মহাসড়কের নলকা সেতুকে কেন্দ্র করে পূর্বে ঝাঐল ওভারব্রিজ ও পশ্চিমে পাঁচলিয়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে। এদিকে মহাসড়কে যানজট থাকার কারণে চান্দাইকোনার ষোল মাইল এলাকা থেকে রায়গঞ্জ উপজেলা সদর ও সিরাজগঞ্জ শহর হয়ে মুলিবাড়ী আঞ্চলিক সড়ক দিয়ে বিপুল সংখ্যক যানবাহন চলাচল করছে। ফলে কিছুক্ষণ পর পর শহরেও তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, নলকা সেতুর কারণে এ মহাসড়কে সকাল থেকেই থেমে থেমে যানজট ছিল। দুপুরের দিকে একটি সড়ক দুর্ঘটনার কারণে যানজট তীব্র আকার ধারণ করে। সিরাজগঞ্জ জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান সালেক বলেন, মহাসড়কে খানাখন্দের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পশ্চিমে পাঁচলিয়া ও পূর্বদিকে ঝাঐল ওভারব্রিজ পর্যন্ত যানজট রয়েছে। রাস্তা খারাপের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। অপরদিকে নলকা সেতুতে সংস্কার কাজ শুরু করেছে সড়ক বিভাগ। এ কারণেও যানজটের তীব্রতা বাড়ছে। তবে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন