
নিউজ ডেস্কঃ পরীক্ষায় অসাধু উপায় (নকল) অবলম্বন ও অন্যান্য অপরাধের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের আটজন শিক্ষার্থীকে স্থায়ী এবং ৪৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে (অস্থায়ী) বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। অস্থায়ী বহিষ্কার হওয়া এসব শিক্ষার্থী অংশগ্রহণ করা পরীক্ষা বাতিলসহ আরও এক, দুই অথবা তিন বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
এছাড়া ডিজিটাল পদ্ধতিতে জালিয়াতি ও অবৈধ পন্থা অবলম্বন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া দুইজন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আর পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাবি ও এর অধিভুক্ত সাত কলেজ ব্যতীত অন্য কলেজের ২০ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে ঢাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর ঢাবির শৃঙ্খলা পরিষদের সভায় এসব শিক্ষার্থীদের বহিষ্কারের সুপারিশ করা হয়। পরবর্তীতে ২৯ সেপ্টেম্বর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেটের সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত এসব শিক্ষার্থীদের তালিকা চলতি মাসেই সংশ্লিষ্ট কলেজে পাঠাবে ঢাবি কর্তৃপক্ষ। পরবর্তীতে কলেজের সংশ্লিষ্ট বিভাগ থেকে শিক্ষার্থীদের জানানো হবে।