
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যারা দলের বিরুদ্ধে প্রার্থী হয়- তারা আর দলে ফিরে আসতে পারে না। তাদের জন্য চিরতরে আওয়ামী লীগের দরজা বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগ করবেন অথচ শেখ হাসিনার সিদ্ধান্ত মানবেন না, তিনি আওয়ামী লীগের কেউ হতে পারেন না। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে শহরের ষ্টেশন সড়কে পেট্রল পাম্পে আওয়ামী লীগের প্রার্থী ভানুলাল রায়ের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখে শুনেই নৌকা প্রতীক দিয়ে থাকেন । শ্রীমঙ্গলে ভানুলাল রায়কে এ প্রতীক দিয়েছেন। নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করলেই প্রধানমন্ত্রীকে মূল্যায়ন করা হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আর্ধেন্দু কুমার দেবের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছরাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জেলা হিন্দু, বোদ্ধ, খ্রিষ্টান এক্য পরিষদের সাধারণ সম্পাদক রাধাপদ দেব সজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।