
নিউজ ডেস্কঃ তৃতীয়বারের মতো রাঙামাটির বিলাইছড়ির উপজেলার দুর্গম বড়থলী ইউনিয়নে হেলিকপ্টারে করোনার টিকা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সকালে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের হেলিপ্যাড থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে সেনাবাহিনীর সহযোগিতায় এসব টিকা পাঠানো হয়। বিলাইছড়ি উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ৬ সদস্য এবং সেনাবাহিনীর তিনজন মেডিক্যাল সদস্যসহ মোট ৯ জন রয়েছে এই টিমে।
বিলাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা এই টিমের নেতৃত্ব দিচ্ছেন। বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এইবার দুগর্ম বড়থলি ইউনিয়নের রাইখ্যং লেক সংলগ্ন পুকুরপাড়া এলাকায় গণটিকার আওতায় সিনোফার্মের প্রথম ডোজ টিকা দেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা জানান, আমরা ১৫শ’ ডোজ টিকা নিয়ে যাচ্ছি। যথারীতি টিকাদানের পাশাপাশি মোবাইল মেডিক্যাল ক্যাম্পের আওতায় ওই অঞ্চলে স্বাস্থ্য সেবা দেওয়া হবে।