
নিউজ ডেস্কঃ সার্চ কমিটি যে সঠিকভাবে কাজ করে সেটা বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) দেখলেই বোঝা যায়। এবারও সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সম্পাদক ফোরামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রতিদিনই কথা বলেন। প্রতিদিন তিনি একই ধরনের কথা বলেন। ওনার কথার মধ্যে কোনো ভিন্নতা নেই। আওয়ামী লীগের শাসনামলে দেশের মানুষের যে উন্নয়ন অগ্রগতি হয়েছে সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মত শিক্ষিত মানুষের না জানার কথা নয়, উল্লেখ করে তিনি বলেন, ৬০০ ডলারের মাথাপিছু আয় প্রায় ৪ গুণ বেড়ে ২২২৭ ডলারে উন্নীত হয়েছে। এখন বাংলাদেশে খালি পায়ে, ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না। কুঁড়ে ঘর সহজে খুঁজে পাওয়া যায় না। এটিই বদলে যাওয়া বাংলাদেম। গ্রামের মেঠোপথ এখন অনেকটা হারিয়ে গেছে।
তিনি বলেন, আগে আমরা স্লোগান দিতাম শ্রমিকের মজুরি হবে সাড়ে ৩ কেজি চালের দামের সমান। এখন শ্রমিকের মজুরি কমপক্ষে ১২ কেজি চালের দামের সমান। ৫০০ টাকা একজন শ্রমিকের মজুরি হলে প্রতিদিন সে ১২ কেজি চাল কিনতে পারে। কোন কোন স্থানে ৮০০ টাকায়ও শ্রমিক পাওয়া যায় না। উত্তরবঙ্গে ৫০০ টাকায় মজুরি পাওয়া যেতে পারে। চট্টগ্রামসহ বড় বড় শহরে ৭০০ থেকে ৮০০ টাকায়ও শ্রমিক পাওয়া যায় না। তাহলে ১৫ কেজির চাল কিনতে পারে। এই যে বদলে যাওয়া বাংলাদেশ, সারা পৃথিবী প্রশংসা করে। অথচ মির্জা ফখরুল সাহেবরা প্রশংসা করতে পারে না। এটি দুর্ভাগ্যজনক।