
নিউজ ডেস্কঃ মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রভাব না কাটতেই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে নতুন প্রজন্মের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ১১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। তাদের মধ্যে দু’জন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), তিনজন বিভাগীয় প্রধান ও চারজন শাখা ব্যবস্থাপক রয়েছেন। ব্যাংকের পরিচালকদের মধ্যে পরস্পরবিরোধী দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মহামারীর মধ্যে দু’জন ডিএমডিসহ ১১ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার লঙ্ঘন। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর একটি সার্কুলার জারি করে ব্যাংকারদের চাকরিচ্যুত করার বিষয়ে বেশকিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলারে বলা হয়েছে, সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ না থাকলে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যূত করা যাবে না। কোভিডকালীন শুধুমাত্র লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা বা অদক্ষতার কারণ দেখিয়ে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যূত অথবা পদত্যাগ করতে বাধ্য করা যাবে না।