News71.com
 Bangladesh
 09 Oct 21, 06:02 PM
 172           
 0
 09 Oct 21, 06:02 PM

বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ টিকা উপহার দেবে রোমানিয়া।।

বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ টিকা উপহার দেবে রোমানিয়া।।

নিউজ ডেস্কঃ রোমানিয়া সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দুই লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে বৈঠককালে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কু এ কথা জানান। শনিবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। এ সময় ড. মোমেন বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে রোমানিয়ার জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের কৃতজ্ঞ। রোমানিয়া ও বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে ড. মোমেন দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অব্যাহত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

আগামী দিনগুলোতে দু'দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলোতে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ড. মোমেন দু'দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বলেন, রোমানিয়ার বিনিয়োগকারীগণ বাংলাদেশে নির্মাণাধীন ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এবং প্রতিষ্ঠিত হাইটেক পার্কগুলোতে যৌথ মালিকানায় কিংবা শতভাগ নিজস্ব মালিকানায় বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ গ্রহণ করতে পারবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে সেদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলসহ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বোগদান অরেস্কু এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন